স্টাফ রিপোর্টার
, যশোর
চোর সন্দেহে খোকন মল্লিক (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়েছে স্থানীয় লোকজন। তবে, চুরি হওয়ার কোনো আলামত পুলিশ পায়নি।
শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদরের ইছালি ইউনিয়নের নোঙরপুর মোড়ে এ ঘটনা ঘটে।
আহত খোকন মল্লিক যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা (সদরপাড়া) গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নোঙরপুর মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে করে ধরে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ইছালি পুলিশ ক্যাম্পের ইনচার্জ জীবন কুমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
আহত খোকন মল্লিককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহসান কবির বাপ্পি জানিয়েছেন, পুলিশ পাহারায় খোকন নামে এক যুবককে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ জীবন কুমার বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে কেউ অভিযোগ দেয়নি এখনো। চুরি হওয়ার কোনো আলামত উদ্ধার হয়নি।