কেশবপুর (যশোর) প্রতিনিধি
অজ্ঞান পার্টির কবলে পড়ে যশোরের কেশবপুরে সর্বস্ব হারিয়েছে একটি পরিবার। তাদের দু’জনকে অজ্ঞান করে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
জ্ঞানহারা দুইজনকে শুক্রবার কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে একজনের জ্ঞান ফিরলেও ২২ ঘণ্টা পরও আরেকজনের জ্ঞান ফেরেনি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাসপাতাল ও এলাকার কয়েকটি সূত্র জানায়, অজ্ঞান পার্টির সদস্যরা বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার শ্রীফলা গ্রামের নিছার মোড়লের ছেলে জালাল উদ্দীনের (৪৫) বাড়ি ঢুকে তাদের রান্নাঘরে থাকা রাতের খাবারের মধ্যে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে রাখে।
গৃহকর্তা জালাল উদ্দীন এবং তার স্ত্রী রিমা খাতুন (৪০) ওই খাবার খেয়ে ঘরের দরজা না দিয়েই ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা তাদের ঘরে ঢুতে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
শুক্রবার সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। এরমধ্যে রিমা খাতুনের জ্ঞান ফিরলেও গত ২২ ঘন্টায় জালাল উদ্দীনের জ্ঞান ফেরেনি বলে হাসপাতাল সূত্র জানায়।
তারা হাসপাতালে ভর্তি থাকায় অজ্ঞান পার্টির সদস্যরা ওই বাড়ি থেকে কী কী মালামাল নিয়ে গেছে তার সঠিক তথ্য জানা যায়নি।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মিজানুর রহমান বলেন, অজ্ঞান হয়ে জালাল উদ্দীন ও তার স্ত্রী রিমা খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা একটি বাড়িতে দুইজনকে অজ্ঞান করে ওই বাড়ি থেকে কিছু মালামাল নিয়ে গেছে। তবে কত টাকার মালামাল নিয়ে গেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। থানা পুলিশ এব্যাপারে তদন্ত শুরু করেছে।