মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা ও মাদরাসা থেকে হাসাইন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) সকালে এই ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে গভীর তদন্ত শুরু করেছে পুলিশ।
নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। সে গাংনী এতিমখানা ও মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।
মাদরাসার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, রোববার সকালে অন্যান্য শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ফুলবাগানে কাজ করছিল। ওই সময় হঠাৎ হাসাইনের নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব নয়ন তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাটি জানার পর গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতাল ও মাদরাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাংনী এতিমখানায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষেই নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।