খুলনা প্রতিনিধি
খুলনার বহুল আলোচিত স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন তার বাবা আলীম হোসেন আকাশ। জবানবন্দীতে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এই তথ্য পুলিশের।
রোববার (১৯ জুলাই) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. আসাদুর জামান তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ বলছে, গেল শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে ডুমুরিয়া উপজেলার বাজার এলাকার একটি দোকান থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও খুলনা সদর থানা পুলিশের যৌথ অভিযানে আলীম হোসেন আকাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে সম্মত হন।
এর আগে, গত ১০ জুলাই একই মামলায় নির্জনার মা আরিফা ইয়াসমিন সীমাও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। মায়ের পর বাবার স্বীকারোক্তির মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
গত ৮ জুলাই রাতে আরফানা হোসেন নির্জনাকে হত্যা করে তার মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় খুলনা সদর থানার নারী উপপরিদর্শক (এসআই) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।