স্টাফ রিপোর্টার
, যশোর
নড়াইলের লোহাগড়া থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রাজিব শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর যশোর ও সাতক্ষীরা ক্যাম্পের যৌথ দল।
মঙ্গলবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর থানার গাংনিয়া ব্রিজ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে এবং মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজিব শেখ লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের ফকির আলীনুর হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি রাজিব শেখ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসার জন্য ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন রাজিব শেখ। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে ফকির আলীনুরকে হত্যা করা হয়েছে।
রাজিবকে লোহাগড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।