স্টাফ রিপোর্টার
, যশোর
অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে যশোরের শার্শায় এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে সাতমাইলের মোড়লপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক রুনা পারভীন ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।
তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ডসম্বলিত দুটি দামি স্মার্টফোন উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ডিবি।
ডিবি পুলিশ জানায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে কয়েক ব্যক্তি নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে জুয়ার ব্যবসা পরিচালনা করছেন- এমন গোপন সংবাদ পাওয়া যায়। এই সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রুনা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে ডিবি পুলিশের দাবি।
এ ঘটনায় এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। সোমবার (২০ জুলাই) দুপুরে রুনা পারভীনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।