স্টাফ রিপোর্টার
, যশোর
জামায়াত নেতা, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নারীঘটিত কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়েছে যশোরের রাজপথ।
অভিযুক্তকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার ‘সচেতন নারী সমাজ যশোর’ মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ তার কুশপুতুল দাহ করেছে।
শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়ে একাত্তরের ওই দলের ভূমিকা দেখেছি। রাজাকার আলবদরদের প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তান হানাদার বাহিনী আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি করেছিল। ২০২৬ সালে আবারও তারা নতুনভাবে আর্বিভূত হয়েছে। জামায়তের গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডের মাধ্যমে সেটিই প্রমাণ করে।
এ সময় যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর রাশিদা রহমান বলেন, জামায়াত নেতা ও একজন জনপ্রতিনিধির এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। মানুষের সামনে যখন তাদের এই জাতীয় অপকর্মের গোমর ফাঁস হয়ে যায়, তখন তারা ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করে। গাজী নজরুল ইসলামের মতো একজন জনপ্রতিনিধির এমন নিন্দনীয় ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার কোনো সুযোগ নেই। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শামসুন নাহার পান্না, সচেতন নারী সমাজের নেতৃবৃন্দ।
সমাবেশে শেষে জামায়াত নেতা গাজী নজরুলের একটি কুশপুতুলে পুরনো জুতা-স্যান্ডেল পরিয়ে তা দাহ করা হয়।