স্টাফ রিপোর্টার
, যশোর
অসম বাণিজ্য চুক্তি বাতিল, দেশের বন্দর বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়া, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ, রাষ্ট্রীয় শিল্প-কারখানা বেসরকারি খাতে হস্তান্তরের উদ্যোগ বাতিল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ বিভিন্ন দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি।
বুধবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, নির্বাচনের পর সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর, রাষ্ট্রীয় সম্পদ ও শিল্পপ্রতিষ্ঠান বিদেশি বা বেসরকারি স্বার্থে ছেড়ে দেওয়ার উদ্যোগ, অসম বাণিজ্য চুক্তি এবং বাজেটে করের বাড়তি চাপ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থি।
দলের জেলা সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হীরু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হাসান, কৃষক সমিতির সভাপতি আব্দুর রহিম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খান, মন্টু ফকির প্রমুখ।
সমাবেশ থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দাবিতে গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।