স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী সাঈদ সরদার ওরফে ‘চশমা সাঈদ’ হত্যা মামলায় আটক জিএম মেহেদী হাসান শক্তির দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দিয়েছেন।
মেহেদী হাসান শক্তি যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার কায়েম গাজী ওরফে কামরুল গাজী ওরফে কাম গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, সাঈদ সরদার মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারের সাথে জড়িত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ২৩ জুন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। পরদিন বুধবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের জনৈক কাম গাজীর পুকুরপাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই জাহিদ হোসেন অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই সময় মেছো সুমন ও রোহিতকে আটক করে। পরে এ হত্যার সাথে জড়িত সন্দেহে মেহেদী হাসান শক্তিকে আটক করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা আটক শক্তির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানিশেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।