স্টাফ রিপোর্টার
, যশোর
গাঁজা বহনের দায়ে শার্শার মাদক ব্যবসায়ী মোমেনা খাতুনকে দেড় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম বুধবার (২২ জুলাই) এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত মোমেনা খাতুন যশোরে শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ডকের বাগান এলাকার তোয়েব আলীর স্ত্রী।
মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৬ সালের ১৮ আগস্ট মোমেনার বাড়ি অভিযান চালায় র্যাব। এসময় তাকে আটক ও ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মুন্সি অলিউর বাদী হয়ে আটক মোমেনার বিরুদ্ধে শার্শা থানায় মামলা করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে মামলার আসামি মোমেনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দেড় বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত মোমেনা কারাগারে আটক আছেন।