লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তরিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা একাধিক ‘মিথ্যা মামলা, অপপ্রচার ও হয়রানির’ প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে যুবদল নেতা তরিকুল ইসলামের ঈশানগাতী গ্রামের নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. তরিকুল ইসলাম। এ সময় কাশিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তরিকুল ইসলাম বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে রাজনৈতিক ও সামাজিকভাবে আমিসহ আমার পরিবারের সদস্যদের সম্মান ক্ষুন্ন ও হয়রানির উদ্দেশ্যে কাশিপুর ইউনিয়নের পতিত আওয়ামী নেতাদের নেপথ্য সহযোগিতায় প্রতিবেশী মিলন মোল্যার স্ত্রী শিউলি বেগম আমিসহ আমার পরিবারের সদস্যদের নামে তিনটি পৃথক মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর আমিসহ সকল আসামি বর্তমানে জামিনে রয়েছি।
সংবাদ সম্মেলনে তিনি দায়েরকৃত মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করেন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া বিএনপির সহ-সভাপতি মো. নায়েব আলী, ইউনিয়ন বিএনপির সম্পাদক মো. ওলিয়ার রহমান, শাহ আলম শিকদার, কোবাদ হোসেন খান ও ভুক্তভোগী আসাদুজ্জামান ওরফে কেসমত।