খুলনার রূপসা উপজেলায় ইটভাটা এলাকায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা রূপসা ব্রিকস ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় যুবদল নেতা ফরহাদ শেখের ছোট ভাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইটভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য মাঝেমধ্যে রাতে পাহারার দায়িত্ব পালন করতেন ফখরুল। ঘটনার রাতে তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। আনুমানিক রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে তাকে গুলি করে পালিয়ে যায়।
রাত ১টা ১১ মিনিটের দিকে ফখরুল গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তার ভাই যুবদল নেতা ফরহাদ শেখ দ্রুত ইটভাটায় যান। সেখানে তিনি ছোট ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ফখরুলের শরীরে দুটি গুলির আঘাত রয়েছে। এর মধ্যে একটি গুলি তার ঘাড়ে লাগে। অপর গুলিটি ডান চোয়ালের নিচ দিয়ে ঢুকে বাম কানের ওপর দিয়ে বেরিয়ে যায়।
চার ভাই ও এক বোনের মধ্যে ফখরুল ছিলেন সবার ছোট। তিনি দুই কন্যাসন্তানের বাবা। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফখরুলের পরিবারের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে তার শরীরে দুটি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, এ ঘটনায় ফখরুলের ভাই ফরহাদ শেখ বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করেছেন। হত্যা মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।