লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ঝাউডাঙ্গা গ্রামে আবুল কালাম আজাদ (৫৫) নামে এক বিএনপি কর্মী ও তার স্ত্রী নাসিমা বেগমকে (৪৩) মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত দুজন বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আবুল কালাম আজাদ ঝাউডাঙ্গা গ্রামের মো. খোরশেদ মোল্যার ছেলে। তিনি লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি শালনগর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে আবুল কালাম আজাদের বড় ভাই জাফর মেম্বারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে রমজান, কাদের ও মঞ্জিলের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ করা হয়েছে। স্বজনদের দাবি, হামলাকারীরা সবাই বিএনপির সমর্থক।
আহতদের স্বজনরা জানান, হামলার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’