যশোর, বাংলাদেশ || রবিবার, ২৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০২:১১ পিএম
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০২:৫৯ পিএম
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

পরিবারের একমাত্র ছেলে আনাস আহমেদ বাপ্পির বিয়ে ঘিরে ছিল আনন্দের আয়োজন। বৃহস্পতিবার দুপুরে বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে নিয়ে বাড়িতে ফেরেন তিনি।

রাত পর্যন্ত চলে আত্মীয়-স্বজনের আনন্দ-উৎসব ও গান-বাজনা। কিন্তু রাতের সেই আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। স্ট্যান্ড ফ্যান ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সদ্যবিবাহিত আনাস। নববধূকে নিয়ে বাসরেও আর যাওয়া হয়নি তার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনাস আহমেদ বাপ্পি (২৪) ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি একটি বেসরকারি জীবনবিমা কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি গ্রামের জারা (২০) নামে এক তরুণীর সঙ্গে আনাসের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। নবদম্পতিকে ঘিরে পরিবারে ছিল আনন্দের আমেজ।

বিয়ের রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন করা হয়। একটি প্যান্ডেলে আনাস স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন। ফ্যানটি অন্যদিকে ঘোরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বৌভাত উপলক্ষে দুটি গরু জবাই করে প্রায় ৮০০ মানুষের খাবারের আয়োজন করা হয়েছিল। এরই মধ্যে একটি গরু জবাই করে মাংস কাটার কাজও শুরু হয়েছিল। কিন্তু বিয়ের রাতেই আনাসের আকস্মিক মৃত্যুতে আনন্দের আয়োজন পরিণত হয় শোকে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গাছেরদিয়াড় উত্তরপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)