সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদরের গড়িয়াডাঙ্গা গ্রামের কৃষক জিতেন মণ্ডলকে (৫৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়েছে তার আপন দুই চাচাতো ভাই। জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জিতেন মণ্ডলকে হত্যা করা হয়।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তার চাচাতো ভাই একই গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে তপন মণ্ডল (৩০) ও ভগেন মণ্ডলকে (৩৫) বিএসএফ আটক করে।
শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের আটক করে বলে সীমান্তের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
সাতক্ষীরা সদরের চারাবাড়ি সীমান্ত দিয়ে তারা অবৈধপথে ভারতে পালিয়ে যায়। কিন্তু ভারতীয় ভূখণ্ডে তারা বিএসএফের হাতে আটক হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২১ আগস্ট) সকালে জিতেন মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই রাতে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, নিজেদের মধ্যে জমিজমা-সংক্রান্ত সহিংসতায় কৃষক জিতেন মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার হত্যাকারী তপন ও ভগেন ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়।
এ ব্যাপারে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাদের ফেরত পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।