মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে নিজের ভ্যান চুরি হয়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন সাবেক শ্রমিকনেতা ফরজ আলীর ছেলে ফিরোজ ওরফে সোহাগ।
একইসঙ্গে তিন সন্তানের লেখাপড়ার খরচ চালিয়ে নেওয়াও তার জন্য কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মহেশপুর উপজেলা প্রশাসন।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফিরোজ ওরফে সোহাগকে একটি নতুন ইঞ্জিনচালিত ভ্যান উপহার দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন।
নতুন ভ্যান পেয়ে এখন সংসারের খরচ ও সন্তানদের লেখাপড়া চালিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার। ভ্যানটি পেয়ে ফিরোজ ওরফে সোহাগ উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নিজের ভ্যানটি চুরি হওয়ার পর থেকে দৈনিক ভাড়ায় ভ্যান চালিয়ে সংসার চালাতে অনেক কষ্ট হচ্ছিল। তিন সন্তানের পড়াশোনার খরচও ঠিকমতো চালাতে পারছিলাম না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন ভ্যান পেয়ে আমার পরিবারের অনেক বড় উপকার হয়েছে।
এদিকে, মহেশপুরে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যে মানবিক ও জনবান্ধব ইউএনও হিসেবে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন মো. সাজ্জাদ হোসেন। তার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।