স্টাফ রিপোর্টার
, যশোর
বিশিষ্ট সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার । ২০২৫ সালের এই দিনে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে যশোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, একমাত্র কন্যা সুম্মিতা দৌলা মিষ্টিসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।
রুকুনউদ্দৌলাহ দৈনিক সংবাদের যশোরস্থ বিশেষ প্রতিনিধি ছিলেন। তিনি পাক্ষিক ‘যশোরের কাগজ’-এর প্রতিষ্ঠাতা এবং দৈনিক কল্যাণের উপদেষ্টা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক একরাম-উদ-দ্দৌলার অনুজ এবং একই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুনের চাচা।
তার মৃত্যুবার্ষিকীতে পারিবারিক উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল, মাদরাসার এতিম শিশুদের খাবার প্রদান করা হবে। এছাড়া কারবালা কবরস্থানে তার সমাধিতে মুক্তিযোদ্ধা পাঠাগারের উদ্যোগে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হবে।
সাংবাদিকতা পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ রুকুনউদ্দৌলাহ আইডিই পুরস্কার, যশোর শিল্পী গোষ্ঠী পদক, জ্ঞানমেলা পদক ও বজলুর রহমান স্মৃতিপদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি একাধিক বই লিখেছেন।
পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হৃদ্যন্ত্র ও কিডনিজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত ২৭ জুলাই গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন। সেখানে দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক এম এ রশীদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। ১৯ আগস্ট তার হৃদ্যন্ত্রে তিনটি রিং স্থাপন করা হয়। চিকিৎসা শেষে ২১ আগস্ট তিনি যশোরে ফিরে আসেন।
পরদিন ২২ আগস্ট সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নেওয়া হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।