স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে যশোর পৌরসভা। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অভিযান পরিচালনা করা হয়েছে। সাথে ছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরাও।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়, সদর হাসপাতাল মোড়, সিভিল কোর্ট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এ সময় অবৈধ যানবাহনের চালকদের সতর্ক করা হয়। একই সাথে ভবিষ্যতে রাস্তায় পাওয়া গেলে গাড়ি জব্দের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
অভিযানে অংশ নেন যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ, ট্রাফিক ইন্সপেক্টর তাহারীম খান, ইন্সপেক্টর শুকান্ত কুমার নাথ, সার্জেন্ট নিশিকান্ত, পৌরসভায় কর্মরত আব্দুর রাজ্জাক মন্টু, মনিরুজ্জামান নয়ন, আবুবক্কারসহ অন্যরা।
এ সময় রেড ক্রিসেন্ট কমিউনিটি পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।
অভিযানে ১০টি ইজিবাইকের কাগজপত্রে ত্রুটি থাকায় সেগুলো জব্দ করা হয়েছে। অভিযানকালে সড়কে যানজট সৃষ্টি করে এমন বিভিন্ন প্রতিবন্ধকতা ও অনিয়ম দূর করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়।
যশোর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।