বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষপুরা পুলিশ ক্যাম্পের পেছনের মাঠে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শৌলখালী গ্রামের মনিরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০)। তারা আপন দুইভাই।
স্থানীয় সূত্র জানিয়েছে, দুপুরে দুই ভাই একসঙ্গে মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ তাদের মৃত্যুর এ খবর নিশ্চিত করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, মাঠে কৃষিকাজ করার সময় তারা বজ্রপাতের শিকার হন। তাদের মৃত্যুতে উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। প্রয়োজনে নিহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, খবর পেয়ে জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে। নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।