অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে নারিকেল গাছ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হোসেন (২৬) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুইকারা গ্রামের জগবাবুর মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন উপজেলার রাজঘাট-জাফরপুর গ্রামের মৃত তবিবুর রহমানের ছেলে। তিনি জগবাবুর মোড়সংলগ্ন একটি ঢালাই পিলার তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটির কারণে রোববার কারখানাটি বন্ধ ছিল। বিকেলে ইমন কারখানার পাশের একটি নারিকেল গাছে ওঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ার সময় পল্লী বিদ্যুতের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তিনি গাছের নিচে পড়ে থাকেন। প্রায় দুই ঘণ্টা পর তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, ছুটির দিনে কারখানার পাশের নারিকেল গাছ থেকে পড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্বামীর মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাত ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।