যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩০ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৫৫ পিএম
লোহাগড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে মিরচাঁন সরদার (৩৭) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিরচাঁন সরদার ওই গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা যায়, মাটিয়াডাঙ্গা গ্রামের আজমল মুন্সি ও ইউপি সদস্য কামাল হোসেনের অনুসারীদের সঙ্গে একই গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল মোল্যা ও হিরাঙ্গীর মোল্যার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জেরে মঙ্গলবার সকালে শহিদুল মোল্যা ও হিরাঙ্গীর মোল্যার নেতৃত্বে মিল্লাত হোসেন, লিয়াকত সরদার, জসিম উদ্দিন ও রবিউল শেখসহ প্রায় অর্ধশতাধিক লোক দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মিরচাঁন সরদারের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথিমধ্যে মাদারীপুরের পাঁচচর এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

সংঘর্ষে সালাম মুন্সি, খাঁজা সরদার, সিয়ামিন সরদার ও সারফিনা বেগমসহ উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সাবেক ইউপি সদস্য শহীদুল মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে হত্যাকাণ্ডের পর ওই গ্রামে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)