কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় ক্রয়কৃত ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন সুফিয়া বেগম নামে একজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে সুফিয়া বেগম জানান, তিনি উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বতুল বাজার গ্রামের বাসিন্দা। উত্তর বেদকাশী মৌজার এসএ ৭৪০ নম্বর খতিয়ানের রেকর্ডীয় মালিক অমূল্য ও রাখাল চন্দ্রের সম্পত্তি আবু দাউদ মোল্লা ক্রয় করে দীর্ঘদিন ভোগদখল করেন।
পরে একাধিক দলিলের মাধ্যমে ওই সম্পত্তি তার ও তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তারা জমিটি ঘেরা দিয়ে প্রায় ২৫-২৬ বছর ধরে ভোগদখল করে আসছেন।
সুফিয়া অভিযোগ করেন, সম্প্রতি একই গ্রামের সাহেব আলীর ছেলে বুলবুলি আত্মীয়স্বজনসহ প্রায় ২৫-২৬ জন লোক নিয়ে ওই জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী আদালতে মামলা করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী দখলভিত্তিক স্থিতি বজায় রাখা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় কয়রা থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, গত ৫ সেপ্টেম্বর অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে ঘেরের বেড়া ভাঙচুর, লুটপাট এবং ধানের পাতা জোর করে তুলে ফেলেন। বাধা দিলে তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় তিনি কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন, যা বর্তমানে বিচারাধীন।
মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তাকে ও তার স্বামীকে ভয়ভীতি দেখাচ্ছেন এবং বসতবাড়ি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন সুফিয়া।
নিজের ও পরিবারের নিরাপত্তা এবং জমির শান্তিপূর্ণ দখল নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চান তিনি।