অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ‘ভৌমিক টেলিকম’ নামে একটি বিকাশ এজেন্টের দোকান থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। অবৈধভাবে মদ মজুদ ও বিক্রির অভিযোগে দোকানের মালিক মিঠুন ভৌমিককে (৪০) আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকায় মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে দোকানটিতে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ‘ভৌমিক টেলিকম’ নামের ওই দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার এবং দোকানের মালিক মিঠুন ভৌমিককে আটক করা হয়। তিনি উপজেলার বুইকারা গ্রামের জ্ঞানেন্দ্র নাথ ভৌমিকের ছেলে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, অবৈধভাবে বিদেশি মদ মজুদ ও বিক্রির অভিযোগে মিঠুন ভৌমিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সোমবার সকালে ওসি মো. নুরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।