যশোর, বাংলাদেশ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিজ অর্থায়নে বেহাল সড়ক সংস্কার করলেন জিয়াউর

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ১২:২৫ পিএম
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩৩ পিএম
নিজ অর্থায়নে বেহাল সড়ক সংস্কার করলেন জিয়াউর

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার একটি সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বৃষ্টিতে সড়কজুড়ে হাঁটুসমান কাদা জমে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের। বিশেষ করে সড়কের পাশে থাকা মসজিদ, মাদরাসা ও এতিমখানায় যাতায়াতে ভোগান্তিতে পড়তে হচ্ছিল শিশু-কিশোরদের।

এ অবস্থায় এলাকাবাসীর অনুরোধে নিজস্ব অর্থায়নে সড়কটিতে ঘ্যাস (স্থানীয়ভাবে ব্যবহৃত ভরাট উপকরণ) ফেলার উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জিয়াউর রহমান। ইতোমধ্যে তিনি তিন গাড়ি ঘ্যাস দিয়েছেন। আরও এক গাড়ি ঘ্যাস দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এলাকাবাসী আব্দুল করিম বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটিতে হাঁটুসমান কাদা জমে থাকায় চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরাও এই সড়ক ব্যবহার করে। এলাকাবাসীর অনুরোধে জিয়াউর রহমান ঘ্যাস দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ায় এখন কিছুটা স্বস্তি মিলেছে।

স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগম বলেন, রাস্তাটি খুবই খারাপ ছিল। বৃষ্টির সময় চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হতো। এখানে স্কুল ও মাদরাসা থাকায় শিশুদেরও দুর্ভোগ পোহাতে হতো। আরও কিছু ভরাট উপকরণ দেওয়া হলে রাস্তাটি ভালোভাবে চলাচলের উপযোগী হবে।

আসমা খাতুন বলেন, রাস্তার অবস্থা আগে খুব খারাপ ছিল। এখন কিছুটা ভালো হয়েছে। সবাই সহযোগিতা করলে রাস্তাটি আরও ভালোভাবে সংস্কার করা সম্ভব হবে।

জিয়াউর রহমান বলেন, ওয়ার্ডের মাঠপাড়া এলাকার এই সড়কটি দীর্ঘদিন ধরেই সমস্যায় ছিল। বৃষ্টি হলে রাস্তায় প্রচুর কাদা জমে যায়। এখানে প্রায় ৫০টি পরিবার বসবাস করে এবং প্রতিদিন দুইশ’ থেকে তিনশ’ মানুষ চলাচল করেন। এলাকাবাসীর অনুরোধে নিজস্ব অর্থায়নে আপাতত ঘ্যাস ফেলে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, সড়কটি পুরোপুরি ইট দিয়ে সলিং করার বিষয়ে ইউনিয়ন পরিষদের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে ভবিষ্যতে রাস্তাটির স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের ১১ নম্বর রামনগর ইউনিয়নের  সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন, সহসভাপতি কারি মহিদুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)