লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইল আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।
ছবি:
নড়াইলে একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ ১১ জন পুলিশের হাতে আটক হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তারা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার ১১ জন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শেষে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, দেশীয় অস্ত্রসহ আটক ব্যক্তিরা কী কারণে আদালত চত্বরে সমবেত হয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।