মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে বিজিবির ব্যাটালিয়ন স্থাপনের জন্য কৃষিজমি অধিগ্রহণ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।
ছবি:
মেহেরপুরে তিন ফসলি জমিতে বিজিবির ব্যাটালিয়ন স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
রোববার সকালে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের চাঁদবিল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী, সাবেক সভাপতি গুরুদাস হালদার ও শরিফুল ইসলাম বকুলসহ স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র। কৃষিকাজই তাদের জীবিকার প্রধান অবলম্বন। এসব কৃষিজমিতে বিজিবির ব্যাটালিয়ন স্থাপনের কার্যক্রম চলায় কৃষকরা চাষাবাদ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
তারা আরও বলেন, কৃষিভিত্তিক চার ফসলি আবাদি জমি এরই মধ্যে কমে এসেছে। কৃষিকাজের জন্য অবশিষ্ট জমিও যেন কোনোভাবেই অধিগ্রহণ করা না হয়, সে বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধন শেষে ব্যাটালিয়ন স্থাপনের জন্য কৃষিজমি অধিগ্রহণ বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।