খুলনা অফিস
খুলনা নগরীর ডালমিল মোড় এলাকায় একটি বাসার ভেতর থেকে ইতি আক্তার (২২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। তার স্বামী মো. হৃদয় সিঙ্গাপুরপ্রবাসী। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইতি আক্তার নগরীর ডালমিল পুলিশ ফাঁড়ির পেছনের এলাকার বাসিন্দা আলাউদ্দিন মৃধার মেয়ে। ঘটনার সময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা খুলে তাকে উদ্ধার করেন।
ইতির বড় বোনের ভাষ্য, রাত ১২টা ৪৭ মিনিটে মেসেজে তার সঙ্গে ইতির সর্বশেষ কথা হয়। ওই সময় ইতি বিদায়সূচক কথা বলেন। পরে তার বড় বোন বাসায় এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া পাননি।
স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে ইতির দাম্পত্য কলহ চলছিল। স্বামী আর্থিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা করলেও তাকে পর্যাপ্ত সময় দিতেন না—এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই মনোমালিন্য হতো। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আর্থিক সংকট ছিল না।
ইতির বড় বোন আরও জানান, ঘটনার আগের দিনও ইতি নিজের জীবন শেষ করার চেষ্টা করেছিলেন বলে তিনি দাবি করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, স্বামীর সঙ্গে ইতির দীর্ঘদিনের দাম্পত্য কলহের কথা পরিবার জানিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং উদ্ধার হওয়া চিরকুটের সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে। চিরকুটে তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।