লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিলন মোল্যা (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিলন মোল্যা উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের সুলতান মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হযরত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তেলকাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে মিলন মোল্যাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হওয়ার পর মিলন মোল্যা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা জারি ছিল। এ ছাড়া লোহাগড়া থানায় তার বিরুদ্ধে আরও একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামি মিলন মোল্যাকে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।