খুলনা অফিস
খুলনার ফুলতলা ক্যান্টনমেন্টের সামনে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক মো. ফজলুর রহমান নিহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে শিরোমণি থেকে নওয়াপাড়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন তিনি। পরে ফুলতলা জাহানাবাদ সেনানিবাসের সামনে একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ফজলুর রহমান।
স্থানীয়রা ট্রাকের নিচ থেকে তাকে উদ্ধার করে সিএনজিতে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন।
নিহত ফজলুর রহমানের বয়স ৫০ বছর। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এবং সিআইডিতে কর্মরত ছিলেন। তার পিতার নাম আবু তালেব খান, তিনি যশোর জেলার অভয়নগর থানার নওয়াপাড়া বারান্দি ফকিরহাট এলাকার বাসিন্দা।