শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী বাজারে সরকারি জায়গায় কেওড়া গাছ কেটে অবৈধভাবে আরসিসি পিলার দিয়ে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী এলাকার শাহরিয়ার নামে এক ব্যক্তি গত ১৫ দিন ধরে এই নির্মাণকাজ চালাচ্ছেন।
৭ অক্টোবর (বুধবার) সরেজমিনে নওয়াবেঁকী বাজারের মাছের আড়ৎসংলগ্ন এলাকায় দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) বেড়িবাঁধের বাইরে প্রায় ৬০ ফুট দীর্ঘ ও ৩৫ ফুট প্রস্থ সরকারি জায়গায় আরসিসি পিলার ও ইটের গাঁথুনি দিয়ে বড় আকারের স্থাপনা তৈরি করা হচ্ছে। নির্মাণাধীন ভবনের পাশেই থাকা একটি বড় কেওড়া গাছের ডালপালা কেটে ফেলে এখন সেটির গোড়ার মাটি সরানো হচ্ছে।
অভিযুক্ত শাহরিয়ার দাবি করেন, ‘আমার জায়গার কাগজ আছে। গাছ থাকলে ঘর করব কীভাবে? তাই ডালপালা কেটে দিয়েছি। ঘর তৈরির আগে নায়েব অফিসে ২০-৩০ হাজার টাকা দিয়েছি।’ তবে টাকা কাকে দিয়েছেন, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।

টাকা লেনদেন ও গাছ কাটার অনুমতি প্রসঙ্গে আটুলিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রতুল জোয়ার্দার বলেন, ‘টাকা লেনদেনের কোনো ঘটনা ঘটেনি। ওই জায়গায় পাকা ইমারত নির্মাণের কোনো সুযোগ নেই। তবে তিনি ঘর সংস্কারের আবেদন করেছিলেন, ডিসি স্যার অনুমতি দিয়েছেন কি না তা আমার জানা নেই।’
এ বিষয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ জানান, বিষয়টি তার জানা ছিলনা, তবে তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।