ফরিদ আহম্মেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফাইল—
ছবি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। স্থানীয় জনগণের সুরক্ষা ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলিবর্ষণ করেছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সকালে বিএসএফ হঠাৎ গুলিবর্ষণ করলে এক বাংলাদেশি পায়ে গুলিবিদ্ধ হন। তবে আহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করেনি বিজিবি।
ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবির টহলদল দ্রুত সীমান্তে অবস্থান নেয়। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করার পাশাপাশি অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
৪৭ বিজিবির অধিনায়ক লে কর্নেল রাশেদ কামাল রনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তবাসীকে অননুমোদিত যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।