ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী (৭৭) মারা গেছেন। রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহর নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, রশিদুর রহমান রশিদ, আব্দুর রবসহ মুক্তিযোদ্ধা, ঝিকরগাছা থানা পুলিশের সদস্য, মরহুমের পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার মাগরিব বাদ জানাজা শেষে মল্লিকপুর গ্রামের পারিবারিক কবরস্থানে এরশাদ আলীকে দাফন করা হয়।
তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।