খুলনা অফিস
খুলনা মহানগরীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) চালক কামরুল ইসলাম (৪০) মারা গেছেন।
রোববার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার দুপুরে নগরীর খালাশি মোড়ে দুটি ট্রাকের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। নিহত কামরুল নগরীর শিববাড়ি মোড় এলাকার ইয়াকুব আলীর ছেলে।
এর মাত্র তিন দিন আগে, গত ৮ অক্টোবর কেসিসির গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে আরেক চালক নিহত হন। অল্প সময়ের ব্যবধানে দুই সহকর্মীকে হারিয়ে কেসিসির চালক ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, শনিবার দুপুর ১২টার দিকে কেসিসির একটি ময়লাবাহী ট্রাক নিয়ে খালাশি মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন চালক কামরুল ইসলাম।
পথে তিনি নিয়ন্ত্রণ হারালে গাড়িটি অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কামরুল ইসলাম কেবিনের ভেতরেই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
কেসিসির যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর নগরীর সোনাডাঙ্গা থানা এলাকার পাওয়ার হাউজ মোড় এলাকায় কেসিসির যান্ত্রিক গ্যারেজে ব্যাক গিয়ারে থাকা একটি ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় নিহত হন চালক আব্দুস সালাম।
নিহত সালাম লবণচরা থানাধীন নিজ খামার এলাকার মেসের আহম্মেদের ছেলে।