সুবর্ণভূমি ডেস্ক
সৌদি আরবে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে যায়।
এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে নতুন করে ডিজেল সরবরাহ এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।
গ্রিনিচ মান সময় ১৩টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৭ সেন্ট বা ২ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৭৯ সেন্টে দাঁড়ায়।
২৯ সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ দাম। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ ডলার ৬৯ সেন্ট বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ৫৪ সেন্টে পৌঁছায়।
ইরান-সমর্থিত হুতিরা শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন।
রোববারও আরও হামলার ঘটনা ঘটে।
এ ছাড়া চলতি মাসে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে আরও হামলার খবর পাওয়া গেছে। এতে সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির যে পুনরুদ্ধার দেখা গিয়েছিল, তা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের সোহার বন্দরের কাছে একটি ট্যাংকারে ড্রোন হামলা হয়েছে। অন্য একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসইবি ব্যাংকের পণ্যবাজার বিশ্লেষক বিয়ারনে শিলড্রপ বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানিতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার যে ধারণা তৈরি হয়েছিল, গত সপ্তাহে তা ভেঙে গেছে। সৌদি আরবে হুতিদের নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে এবং তেলের দাম বাড়াতে ভূমিকা রেখেছে।
তিনি বলেন, কোন স্থাপনা রক্ষা করা হবে, তা নিয়ে ক্রমেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে: তেল অবকাঠামো, সামরিক স্থাপনা, রাজপ্রাসাদ, বেসামরিক বিমানবন্দর নাকি অন্য কিছু।
গোল্ডম্যান স্যাকস তাদের এক নোটে ডিসেম্বরে ব্রেন্ট ক্রুডের সম্ভাব্য দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলার থেকে বাড়িয়ে ৯০ ডলার করেছে। প্রতিষ্ঠানটি প্রতি ব্যারেলে ২০ ডলারের কিছু বেশি ঝুঁকিজনিত অতিরিক্ত মূল্য ধরে হিসাব করেছে।
তাদের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে তেল পরিবহনের ব্যয় বেশি থাকায় ব্রেন্টের তুলনায় অস্বাভাবিকভাবে কম দামে থাকা ডব্লিউটিআই ক্রুডের গড় দাম ২০২৬ সালের ডিসেম্বরে ব্যারেলপ্রতি ৮১ ডলার এবং ২০২৭ সালে ৭৩ ডলার হতে পারে।
এদিকে, মেক্সিকো উপসাগরে হারিকেন ইসাইয়াসের আঘাতের পর শেল, শেভরন ও বিপি তাদের প্ল্যাটফর্মে কর্মীদের পুনরায় মোতায়েন এবং উৎপাদন চালুর চেষ্টা করছে। শনিবার ভোরে হারিকেনটি উপকূলে আঘাত হানে।
রাশিয়ার ডিজেল সরবরাহ
শুক্রবার ট্রাম্প জানান, রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে তিন লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। পরে আরও ডিজেল সরবরাহ করা হবে। এই ঘোষণার পর সোমবার ইউরোপীয় বাজারে আইসিই গ্যাস অয়েলের ফিউচার দর ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি মেট্রিক টন এক হাজার ৪৪৯ ডলারে নেমে আসে।
পিভিএমের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, চুক্তিটির তাৎক্ষণিক প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ রাশিয়ার পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তিনি বলেন, রাশিয়া ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে। এতে আন্তর্জাতিক বাজারে পাঁচ লাখ টন বা প্রায় ৩৭ লাখ ব্যারেল ডিজেল আসতে পারে। এই পরিমাণ যুক্তরাষ্ট্রের প্রায় এক দিনের চাহিদা এবং বৈশ্বিক চাহিদার প্রায় ১৩ শতাংশের সমান।
রোববার ট্রাম্প অপ্রত্যাশিতভাবে ঘোষণা দেন, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি খাতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন। রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল বলেন, অতিরিক্ত ডিজেল মজুত বাজারে ছাড়ার প্রয়োজন আছে কি না, সদস্য দেশগুলোর তা পর্যালোচনা করা উচিত। যেসব দেশ এখনো প্রতিশ্রুত পরিমাণ জ্বালানি পুরোপুরি সরবরাহ করেনি, তাদের দ্রুত সরবরাহ বাড়ানো উচিত। এ ক্ষেত্রে ডিজেলকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
তথ্যসূত্র: রয়টার্স/বাংলানিউজ