অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 'কোটা ফাজিল (ডিগ্রি) মাদরাসা'র বিতর্কিত অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাৎ হোসেনের অপসারণ ও নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামবাসী ও অভিভাবকদের আয়োজনে মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক তরফদার বশির উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুর রাজ্জাক, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর জালাল ফকির, সিনিয়র সহসভাপতি এনামুল হাসান পলাশ, সহসভাপতি মুজিবর রহমান, জসিম বিশ্বাস, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম বাবুল, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর তরফদার, সাবেক সভাপতি জালাল তরফদার, ইউপি সদস্য কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সজল তরফদার, রাকিব মোল্যা এবং অভিভাবক রাশেদ তরফদারসহ স্থানীয় নেতারা।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কোটা ফাজিল মাদরাসার শ্রেণিকক্ষে গীতা পাঠের মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছেন বিতর্কিত অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাৎ হোসেন। এ ছাড়া তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে মাদরাসায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন।
বক্তারা অবিলম্বে এই বিতর্কিত অধ্যক্ষের অপসারণ এবং বর্তমান ম্যানেজিং কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সব অনিয়মের অভিযোগ অস্বীকার করে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘তৎকালীন সময়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপেই মাদরাসায় গীতা পাঠ করাতে হয়েছিল। আমি আওয়ামী লীগের দোসর নই, বরং জামায়াতে ইসলামীর একজন সমর্থক।’