স্টাফ রিপোর্টার
, যশোর
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা ও দোয়া করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুম অ্যাডভোকেট তৌহিদুর রহমানের দীর্ঘ কর্মময় জীবন, স্থানীয় সাংবাদিকতার বিকাশে তার অসামান্য অবদান এবং প্রেসক্লাব যশোর প্রতিষ্ঠায় তার অগ্রণী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠান চলাকালে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন সাংবাদিকরা।
হাফেজ মাওলানা মুক্তার আলী উপস্থিত সকলের অংশগ্রহণে দোয়া মাহফিলটি পরিচালনা করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আলোচনা করেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, প্রবীণ সাংবাদিক অধ্যাপক মশিউল আজম, এইচএম সিরাজ, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সুবর্ণভূমির প্রধান সম্পাদক আহসান কবীর, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, নতুন সকালের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এম. আইউব প্রমুখ।
শুরুতে প্রেসক্লাব কার্যকরী কমিটির সদস্য এসএম সোহেল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।