পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
'শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকলে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমাজের সর্বক্ষেত্রে কন্যাশিশুর সমান অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা গেলে তারা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, প্রকৌশলী এম. আব্দুস সামাদ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোখসানা পারভীন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর জামায়াতের আমির মিজানুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি দিপল বিশ্বাস এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।