সাতক্ষীরা প্রতিনিধি
তুরস্কে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলন 'কপ-৩১' সামনে রেখে জলবায়ু ন্যায্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় এক জলবায়ু পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে জলবায়ু পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। বৈশ্বিক উষ্ণায়নে সবচেয়ে কম ভূমিকা রেখেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হচ্ছে।’

বক্তারা আরও বলেন, দিন দিন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি বাড়ছে। বাংলাদেশের উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের চরম অভিঘাত মোকাবিলা করছেন। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার কারণে তাদের বসতভিটা, কৃষিজমি, জীবিকা ও সুপেয় পানির উৎস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার দুর্যোগে নিঃস্ব হয়ে অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন এবং জীবিকার তাগিদে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।
গ্রিন কোয়ালিশনের সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজবাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, গ্রিন কোয়ালিশনের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সদস্যসচিব ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা পানি কমিটির সভাপতি মফিজুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, বারসিকের প্রোগ্রাম অফিসার গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য জ্যোতি সরকার প্রমুখ।