কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) ও কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে 'সোসিও ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট ফর ইন্ডিজেনাস কমিউনিটি ইন দি সুন্দরবন কোস্টাল রিজিয়ন' (সিড) নামের এই প্রকল্পের সভাটি অনুষ্ঠিত হয়। ১ বছর মেয়াদি এই প্রকল্পটি কয়রা ও শ্যামনগর উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে।
কয়রা মহিলা ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু হাসান, শেখ সিরাজুল ইসলাম, মিতা রানী মন্ডল, পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার, সামসের অসিত মুন্ডা এবং কেএমডিএমএসএসের নির্বাহী পরিচালক সুমিত্রা মুন্ডা। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।