মাগুরা প্রতিনিধি
সুবর্ণভূমি—
ছবি:
মাগুরায় পুকুরে গোসল করতে গিয়ে হুজাইফা (৯) ও ইছা আলী (১০) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মাগুরা শহরের মোল্লাপাড়া বেলেমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম জানান, নিহত হুজাইফা মোল্লাপাড়ার বাদাম বিক্রেতা ইমন বিশ্বাসের ছেলে এবং ইছা আলী একই এলাকার রাজমিস্ত্রি অন্তর বিশ্বাসের ছেলে।
সম্পর্কে তারা চাচাতো ভাই। এই দুটি পরিবার মোল্লাপাড়ার হারেজ মোল্লা ও রহিমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয় বাসিন্দা ফারুক মোল্লা জানান, সোমবার দুপুরে চার শিশু মোল্লাপাড়া এলাকার বেলেমাঠের আয়নাল মোল্লার পুকুরে গোসল করতে যায়।
কিছুক্ষণ পর দুই শিশু বাড়িতে ফিরে খবর দেয় যে, হুজাইফা ও ইছা আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে স্থানীয় লোকজন ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে মাগুরা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।