যশোর, বাংলাদেশ || রবিবার, ১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে মানববন্ধনে বিপুল জেলে-বাওয়ালি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০২:৪০ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৩:৪৬ পিএম
সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে মানববন্ধনে বিপুল জেলে-বাওয়ালি

সুন্দরবনকে দস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে ভেটখালী ও কৈখালী মাদার নদীর ব্রিজের ওপর আয়োজিত মানববন্ধনে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে এ অঞ্চলের হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু সাম্প্রতিক সময়ে বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে গিয়েও জেলে-বাওয়ালিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান বক্তারা। একই সাথে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং দস্যু দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

আয়োজক কমিটির পক্ষে রমজাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষকদলের নেতা সালাউদ্দিন লিটন। কর্মসূচিটি পরিচালনা করেন সাংবাদিক আক্তার হোসেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পিপি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম লিটন।

এছাড়া জেলেদের পক্ষে বাঘের মুখ থেকে সহকর্মীদের উদ্ধার করে পরিচিতি পাওয়া আব্দুল গনি ওরফে টাইগার গনি, শফিকুল ইসলাম এবং উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ জেলে ও বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)