সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবন ভ্রমণে গিয়ে দুবলার চরসংলগ্ন এলাকায় নিখোঁজ হয়েছেন রিয়াজ আহমেদ নামে এক পর্যটক।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নতুন জেগে ওঠা একটি চরে পর্যটকবাহী বোট আটকে গেলে সেটি ছাড়ানোর চেষ্টার সময় তিনি নিখোঁজ হন তিনি।
তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালি পশ্চিমপাড়া এলাকায়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে ‘ইকো ট্যুরিজম-২’ নামের বোটটি সুন্দরবনে প্রবেশ করে।
বৃহস্পতিবার দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন একটি চরে বোটটি আটকে যায়। সেটি ছাড়ানোর জন্য পর্যটকেরাও পানিতে নামেন। পরে সবাই বোটে ফিরে এলে যাত্রী গণনার সময় রিয়াজ আহমেদকে পাওয়া যায়নি।
বোটটির ট্যুর গাইড মিজানুর রহমান জানান, একজন পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি বুঝতে পেরে কেবিনগুলোতে খোঁজাখুঁজি করা হয়। সেখানে তাকে না পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম বলেন, পর্যটক নিখোঁজের খবর পাওয়ার পর তাকে উদ্ধারে অভিযান চলছে। তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
উপকূলীয় এলাকা নিয়ে কাজের ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, দুবলার চরসংলগ্ন এলাকায় প্রবল স্রোত থাকে। রিপ কারেন্টের (প্রবল স্রোতের বিশেষ প্রবাহ) কারণে ওই পর্যটক ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে তিনি নিখোঁজ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।