লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লক্ষ্মীপাশা এলাকায় জাল দলিলের মাধ্যমে জমি দখলের অভিযোগ এনে আপন ছোট ভাই মুসা মোল্যার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তারই বড় ভাই ইতালি প্রবাসী বেলাল আহমেদ।
শনিবার সন্ধ্যায় লোহাগড়ার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমার বাড়ি লক্ষ্মীপাশার সাত নম্বর ওয়ার্ডের পশ্চিম-পাড়ায়। ২১ বছর ধরে ইতালিতে। তার দাবি, দানপত্রমূলে প্রাপ্ত এক একর ৮৫ শতাংশ জমির মধ্যে আমি ৬১ শতাংশ জমির মালিক। প্রবাসে থাকাকালে ছোট ভাই ও পরিবারের সদস্যরা জমি দেখাশোনা করতেন।’
২০১৪ সালে দেশে ফিরে তিনি দেখেন, তার অজান্তে জমি খণ্ড খণ্ড করে বিক্রি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা করেন, যা চলমান রয়েছে। ২০১৪ সালের ২৮ আগস্ট তিনি তার স্ত্রীর নামে ৩৯ শতাংশ জমির ভেতর থেকে সাড়ে ১২ শতাংশ জমি হেবা করে দেন। ওই জমির আলাদা দাগ হয় ৬৪২ এবং খাজনা ও রেকর্ড তার স্ত্রীর নামে হয়েছে।
তার অভিযোগ, কিন্তু ২০১৮ সালে তার স্ত্রীর নামের ওই জমির জাল দলিল তৈরি করে দখলের চেষ্টা করেন ছোট ভাই মুসা মোল্যা। এছাড়া, বাবা-মায়ের মৃত্যুর পর বোনদের বাড়িতে উঠতে দেওয়া হয়নি।
তবে, মুসা মোল্যা তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সংবাদ সম্মেলন করে আপনাদের বিস্তারিত জানাবো।’
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, বিরোধে জড়িত উভয়পক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।