স্টাফ রিপোর্টার
, যশোর
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ২০ বছর বয়সী পারভেজ হোসেনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। তার পক্ষ থেকে পারভেজের পরিবারের কাছে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার যশোর সদরের রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামালপুর সতীঘাটা বাজার এলাকায় পারভেজের বাড়িতে গিয়ে এ সহযোগিতা পৌঁছে দেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।
পারভেজ হোসেন ওই এলাকার বাসিন্দা মিলন হোসেনের ছেলে। তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিন দিনের জন্য নিজ বাড়িতে এসেছেন তিনি। মাত্র ২০ বছর বয়সে এমন কঠিন রোগে আক্রান্ত হওয়ায় তার পরিবারও উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এ সময় পারভেজের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি তার চিকিৎসায় সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
রাজু আহম্মেদ বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব। পারভেজ যেনো দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি।