স্টাফ রিপোর্টার
, যশোর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় যশোর জেনারেল হাসপাতালে দুটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত ও আবাসিক মেডিকেল অফিসার আহসান কবির বাপ্পীর হাতে হুইল চেয়ার দুটি তুলে দেন হাসপাতাল রোগী কল্যাণ সমিতির কর্মকর্তারা।
এ সময় যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. ফারুক এহতেশাম পরাগ, হাসপাতাল সমাজসেবা অফিসার শান্তা শ্যামলী মনীষা, রোগী কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক এ কে শরফুদ্দৌলা ছোটলু, সমাজকল্যাণ সম্পাদক এএসএম মারুফ হোসেন, সদস্য হাবিবুর রহমান গাজী উপস্থিত ছিলেন।
রোগী কল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক এএসএম মারুফ হোসেন বলেন, ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত এবং আধুনিক করোনারি কেয়ার ইউনিট স্থাপন করেন তরিকুল ইসলাম। দক্ষিণ বাংলার রাজনীতির এই পুরোধা ব্যক্তিত্বের রুহের মাগফেরাত কামনা করে হাসপাতালে দুটি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।