ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের ঝিকরগাছায় 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)' উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর প্রতিযোগীদের উদ্দেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শপথ বৈরাগী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন। আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজান আলী ও সাবেক ছাত্রনেতা আশফাকুজ্জামান খান রনি।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শনার্থীদের অংশগ্রহণে বিকেল ৫টায় অনুষ্ঠানটি শেষ হয়।