সাতক্ষীরা প্রতিনিধি
ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এর কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে নির্মিত হয়েছে জনসচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্য চলচিত্র ‘একটি কার্ড, একটি স্বপ্ন’।
ঘাসফড়িং ফিল্মসের প্রযোজনায় চলচিত্রটির রচনা ও পরিচালনা করেছেন আসিফুল আলম আসিফ।
সম্প্রতি পুরাতন সাতক্ষীরাসহ শহরের বেশ কয়েকটি দর্শনীয় স্থানে চলচিত্রটির বিভিন্ন দৃশ্যের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। এতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহ কার্যক্রম, উপকারভোগী নির্বাচন এবং এ কর্মসূচি সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
চলচিত্রে অভিনয় ও সহযোগিতায় অংশগ্রহণ করেছেন কৃষি কর্মকর্তা জিয়াউল হক, খালেদুর রহমান বাচ্চু, ছন্দা, অভিনেতা মনিরুল ইসলাম মনির, মনিরা, আফরিন, বিজলি, মিম, তাসমিন, মায়া, মায়মুনা, ফাতেমা, আল-আমিন ও নয়নসহ সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা। পাশাপাশি ফ্যামিলি কার্ডের তথ্যকর্মী, ক্যামেরাম্যান এবং স্থানীয় এলাকাবাসীও শুটিং কার্যক্রমে সহযোগিতা করেন।
সার্বিক সহযোগিতায় রয়েছেন মশিদুল হক, সমাজসেবা অফিসার। এছাড়া বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদ সার্বিক সহযোগিতা প্রদান করেছে।
পরিচালক আসিফুল আলম আসিফ জানান, সাধারণ মানুষের কাছে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সহজ ও সাবলীলভাবে পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে সচেতনতা তৈরিই চলচিত্রটি নির্মাণের মূল উদ্দেশ্য। সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় শুটিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।