সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবনে ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজ আহমেদের (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে
শনিবার (৭ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবনের দুবলার চরসংলগ্ন মাতারখাল এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্ধারকারী দল।
নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঁঠালি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে ‘ইকো ট্যুরিজম-২’ নামে একটি ট্রলার সুন্দরবনের উদ্দেশে রওনা হয়। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে পৌঁছালে ট্রলারটি নতুন জেগে ওঠা একটি চরে আটকে যায়। এ সময় ট্রলারটি সচল করার উদ্দেশ্যে কয়েকজন পর্যটক পানিতে নামেন। পরে সবাই ট্রলারে উঠে এলেও গণনার সময় রিয়াজ আহমেদকে পাওয়া যায়নি।
ট্রলারের ট্যুর গাইড মিজানুর রহমান বলেন, পর্যটক নিখোঁজের বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে কেবিনসহ পুরো ট্রলারে খোঁজ চালানো হয়। তাকে না পেয়ে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হয়।
খবর পেয়ে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ দল দুবলার চর ও আশপাশের নদী-খালে তল্লাশি শুরু করে। নিখোঁজের দুই দিন পর শনিবার রাতে মাতারখাল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুবলার চরসংলগ্ন ওই এলাকায় প্রবল স্রোত ও ‘রিপ কারেন্ট’ (টান স্রোত) থাকায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।