সুবর্ণভূমি ডেস্ক
যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মধ্যরাতে সশরীরে মাঠে নেমেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাদা পোশাকে নিজেই গাড়ি চালিয়ে তিনি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম তদারকির পাশাপাশি চলমান তল্লাশি অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে পুলিশ সুপার দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে যশোর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার কোথাও যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানেই নাশকতার চেষ্টা চালানো হবে, সেখানেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য।’
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে বুধবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত যশোরের আটটি উপজেলার নয়টি থানা এলাকায় একযোগে ৫৪টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহীসহ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে বাড়তি নজরদারি রাখা হয়। এ ছাড়া বুধবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
মধ্যরাতে পুলিশ সুপারের এই পরিদর্শনকালে তার সঙ্গে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।