ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ-উন-নবী মুরাদের একমাত্র ছোট ভাই আসাদ-উন-নবী আসাদ (৫৪) মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত ১৭ নভেম্বর দিবাগত রাত দেড়টার (বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটা) মালয়েশিয়ার ইপো শহরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ছোট ভাইয়ের কাছে বেড়াতে যাওয়া মরহুমের বড় ভাই মুরাদ-উন-নবী মুরাদ মালয়েশিয়া থেকে জানান, আসাদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার ইপো শহরে বসবাস করতেন। সেখানে তার হোটেল ব্যবসা রয়েছে। মালয়েশিয়ার স্থানীয় রীতি অনুযায়ী জোহরের নামাজের পর তাকে দাফন করা হয়েছে। তাকে ইপো শহরের সরকারি কবরস্থানে দাফন করা হয়। পরে এশার নামাজের পর তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, আসাদ-উন-নবীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, পৌর সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, মরহুমের বন্ধু কেন্দ্রীয় জিয়া মঞ্চের নাট্যবিষয়ক সম্পাদক পলাশ মাহমুদ প্রমুখ।
শোকবার্তায় নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।